ডেস্ক রিপোর্ট।।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু নিজ জেলা লালমনিরহাট যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দর–এ অবস্থানকালে তিনি শারীরিক অস্বস্তি ও মাথা ঘোরা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর পৌঁছানোর পর বিমানবন্দরের ভিআইপি রেস্টরুমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।
পরে তাকে তাৎক্ষণিকভাবে সৈয়দপুর সিএমএইচ–এ নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন।
এ বিষয়ে আব্দুর গফুর সরকার জানান, শুরুতে তাকে নিয়মিত ফ্লাইটে ঢাকায় পাঠানোর পরিকল্পনা থাকলেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তা বাতিল করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, ঢাকা থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ইতোমধ্যে সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। সেটি পৌঁছালে মন্ত্রীকে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হবে।

