আগামী ১৮ এপ্রিল থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
সংসদ সদস্য লুৎফুর রহমান-এর এক লিখিত প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে এবং হজের সার্বিক কার্যক্রম এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
তিনি জানান, ঘোষিত প্যাকেজ অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশ অংশের বিভিন্ন খরচ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। এছাড়া সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভিসাসহ প্রয়োজনীয় সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে।
ধর্মমন্ত্রী আরও বলেন, ২০২৭ সালের হজ প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় হজযাত্রীদের সুবিধা, চাহিদা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে।

