বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

সন্ধ্যা ৬টার মধ্যে দোকান বন্ধের সিদ্ধান্ত বহাল

ডেস্ক রিপোর্ট।।

জ্বালানি সংকট মোকাবিলায় আপাতত সন্ধ্যা ৬টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর বিদ্যুৎ ভবনে দোকান ও শপিংমল ব্যবসায়ী মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, “মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে এটি পরিবর্তনের কোনো সুযোগ নেই।”

তিনি আরও জানান, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এমন পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে এবং জাতীয় স্বার্থে ব্যবসায়ীদের এ সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানান।

বৈঠক শেষে ব্যবসায়ী নেতারা জানান, তারা সরকারের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় সন্ধ্যা ৬টার মধ্যে দোকান বন্ধ রাখার নির্দেশনা মেনে নেবেন। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে সময়সীমা পুনর্বিবেচনার অনুরোধও করেন তারা।

এর আগে সরকার জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে অফিস সময়সূচি পরিবর্তন এবং বাজার বন্ধের সময় নির্ধারণ করে। সেই অনুযায়ী সন্ধ্যা ৬টার পর সব ধরনের শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন