চাহিদা অনুযায়ী দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদ-এ ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, যদিও দেশে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি নেই, তবে গ্রীষ্মকালে সর্বোচ্চ চাহিদার সময়ে কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে। জ্বালানির সীমাবদ্ধতা, সঞ্চালন ব্যবস্থার চাপ এবং ঝড়-বৃষ্টির সময় রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে সাময়িক বিভ্রাট দেখা দিতে পারে।
তিনি বলেন, চাহিদা অনুযায়ী সব সময় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় না, কারণ দিন দিন বিদ্যুতের চাহিদা বাড়ছে।
গ্রাহকদের বাড়তি চাহিদা পূরণের লক্ষ্যে বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালুর জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানান মন্ত্রী।

