সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিস কক্ষে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকার নির্দেশনা জারি করা হয়েছে। নাগরিকদের সেবা নিশ্চিত করা, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে জারি করা এক জরুরি নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। নোটিশে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব মোসা. তানিয়া ফেরদৌস।
নোটিশে উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ পূর্বে জারি করা নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সকল কর্মকর্তা-কর্মচারীর নিজ কক্ষে অবস্থান নিশ্চিত করার কথা বলা হলেও বাস্তবে এর ব্যত্যয় দেখা যাচ্ছে। এ পরিস্থিতিতে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন করে কঠোরভাবে নির্দেশনা বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত এই সময়ের মধ্যে কোনো সভা বা দাপ্তরিক কার্যক্রম রাখা যাবে না, যাতে কর্মকর্তাদের উপস্থিতি ব্যাহত না হয়।
সরকারি দপ্তরগুলোতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে এবং অপ্রয়োজনীয় লাইট, ফ্যান ও বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে।
এছাড়া এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগের সময় সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে। অফিস শেষে লাইট, কম্পিউটার, প্রিন্টারসহ সব যন্ত্র বন্ধ রাখা নিশ্চিত করতে হবে। অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার এবং সর্বোচ্চ জ্বালানি সাশ্রয়ের ওপরও জোর দেওয়া হয়েছে।
নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন ও তদারকির জন্য সব সরকারি দপ্তর, সংস্থা ও কার্যালয়ে দ্রুত ভিজিল্যান্স টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
সরকার মনে করছে, এসব পদক্ষেপ বাস্তবায়ন হলে প্রশাসনিক শৃঙ্খলা বৃদ্ধি পাবে এবং নাগরিক সেবার মান আরও উন্নত হবে।

