বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

যুদ্ধ নিয়ে বাংলাদেশের বিবৃতিতে সন্তুষ্ট নয় ইরান

ডেস্ক রিপোর্ট।।

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বলেছেন, ইরানকে ঘিরে বাংলাদেশের সরকারি বিবৃতিতে সন্তুষ্ট নয় তেহরান।

বুধবার (১ এপ্রিল) ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের বিবৃতিতে তারা ‘কষ্ট পেয়েছেন’ এবং এটি আরও স্পষ্ট হওয়া উচিত ছিল। তার ভাষায়, একটি মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ থেকে ইরানের বিরুদ্ধে আগ্রাসনের সরাসরি নিন্দা প্রত্যাশা করা হয়েছিল, যা বাস্তবে দেখা যায়নি।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতিসংঘ ও ওআইসি-এর সদস্য হিসেবে ইরানের পক্ষে অবস্থান নিতে পারত। উদাহরণ হিসেবে রাশিয়া ও চীন-এর নাম উল্লেখ করে তিনি বলেন, মুসলিম দেশ না হয়েও তারা এ ঘটনায় নিন্দা জানিয়েছে।

বাংলাদেশ সরকারের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত জানান, আপাতত চিঠি দেওয়ার পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে উচ্চপর্যায়ের বৈঠকে বিষয়টি উত্থাপন করা হতে পারে।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের এ প্রতিক্রিয়া দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন আলোচনার জন্ম দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন