দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই এবং কৃষিখাতে ডিজেল সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে তিনি এ কথা বলেন।
যুগ্মসচিব জানান, রাশিয়া থেকে দুই মাসের জন্য ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞাজনিত কারণে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অনুমতিও চাওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে ভারত থেকে ২২ হাজার টন ডিজেল পাওয়া গেছে এবং দেশটির সঙ্গে বিদ্যমান চুক্তির আওতায় সরবরাহ অব্যাহত রয়েছে। পাশাপাশি ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে তেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
হরমুজ প্রণালি দিয়ে তেল আনার বিষয়েও ইরানের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি। তবে সব জাহাজ বাংলাদেশি পতাকাবাহী না হওয়ায় কিছু ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে।
সরকার সাশ্রয়ী ব্যবহারের ওপর জোর দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের ঘাটতি যাতে না হয়, সে বিষয়ে সতর্ক থাকা হচ্ছে।
বর্তমান মজুত পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, দেশে এখন ১ লাখ ৩৩ হাজার টন ডিজেল মজুত রয়েছে। এছাড়া ৩০ মার্চ ও ৩ এপ্রিল মোট ৫৪ হাজার ৬০০ টন তেল আসার কথা রয়েছে। এপ্রিল মাসে মালয়েশিয়াসহ অন্যান্য দেশ থেকে আরও ১ লাখ ৫৪ হাজার টন তেল আমদানির পরিকল্পনা রয়েছে।

