বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা বিভ্রান্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট।।

‘গণহত্যা দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা বিভ্রান্ত ও দিশেহারা জাতিকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল।

মঙ্গলবার (২৪ মার্চ) দেওয়া এই বাণীতে তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ ও বেদনাবিধুর অধ্যায়। ওই রাতের গণহত্যায় পুরো জাতি স্তব্ধ হয়ে পড়েছিল। সেই প্রেক্ষাপটে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান-এর স্বাধীনতার ঘোষণা জাতিকে সাহস জুগিয়েছিল এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চলাইট-এর নামে নিরস্ত্র মানুষের ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস, তৎকালীন ইপিআর সদরদপ্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়-সহ দেশের বিভিন্ন স্থানে অসংখ্য ছাত্র-শিক্ষক, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ নিহত হন।

তিনি বলেন, এই নির্মম ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তরুণ প্রজন্মকে দেশের মুক্তিযুদ্ধ, ত্যাগ ও বীরত্বের গৌরবগাঁথা সম্পর্কে জানতে হবে এবং তা থেকে অনুপ্রাণিত হতে হবে।

বাণীতে রাষ্ট্রপতি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে। তিনি বৈষম্যহীন, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে সরকারের চলমান উদ্যোগের কথাও তুলে ধরেন।

গণহত্যা দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি জাতির সম্মিলিত অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন