রাজধানীর খিলক্ষেতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসানোর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো)–এর তিন কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৫ মার্চ) বিকেলে খিলক্ষেতের খাঁপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বরগুনা সদর উপজেলার মো. রাজিব হোসেন (২৫), রাজ্জাক মিয়া (৫৭) এবং জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ফরিদ জামান (৬৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ও আহতরা সবাই ডেসকোর একটি আউটসোর্সিং (সাব-ঠিকাদার) প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কাজ করছিলেন। তারা মাটির নিচে বিদ্যুতের লাইন স্থাপনের কাজ করছিলেন।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, খাঁপাড়া এলাকার একটি মন্দিরের পাশে মাটির নিচে থাকা বৈদ্যুতিক তার ক্রেনের সাহায্যে তোলার সময় অসাবধানতাবশত পাশের একটি সচল বিদ্যুতের লাইনের সঙ্গে সংযোগ ঘটে। এতে পাঁচজন কর্মী বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

