বালিয়াকান্দি উপজেলা, রাজবাড়ী জেলা–এর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজমুন্নাহারের বিরুদ্ধে খেয়াল-খুশি মতো অফিস করার অভিযোগ উঠেছে। দিনের পর দিন অফিসে অনিয়মিত উপস্থিতির কারণে শিক্ষকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে তিনি যোগদানের পর থেকেই রোববার এবং বৃহস্পতিবার অফিস করেন না।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত সপ্তাহের মঙ্গলবার ও বুধবার তিনি ছুটিতে ছিলেন। তবে বৃহস্পতিবার তিনি কর্মস্থলে আসেননি। চলতি সপ্তাহে রোববার ও সোমবার অফিস করলেও মঙ্গলবার আবার ছুটি নেন।
বুধবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে সকাল ১০টার সময় কর্মকর্তার অফিস কক্ষের দরজায় তালা ঝুলতে দেখা যায়। এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতি না থাকায় সেবা নিতে আসা অনেক শিক্ষকদের বসে থাকতে দেখা যায়।
শিক্ষকদের অভিযোগ, সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার এমন অনিয়ম প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তবিবুর রহমান বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজমুন্নাহারের অনুপস্থিতির বিষয়টি তিনি জানেন। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

