বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা আনতে নতুন উদ্যোগ সরকারের

ডেস্ক রিপোর্ট।।

জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত ও নিরবচ্ছিন্ন রাখতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি বাজারে শৃঙ্খলা বজায় রাখতে সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ) এ বিষয়ে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দিয়ে পত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ শাখার সিনিয়র সহকারী সচিব নাহিদা আক্তার তানিয়া স্বাক্ষরিত নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি প্রতিরোধ, অবৈধ মজুদ রোধ এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি বন্ধে তদারকি জোরদার করতে হবে। একই সঙ্গে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি বন্ধ এবং পাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের অনুরোধ করা হয়েছে।

এ লক্ষ্যে জেলা প্রশাসনের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে নিয়মিত অভিযান চালানোর কথাও বলা হয়েছে নির্দেশনায়।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক পত্রে অবৈধ মজুদ, অতিরিক্ত দামে বিক্রি ও পাচার রোধে জেলা প্রশাসনের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনার জন্য অনুরোধ জানায়।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি তেলের বাজারে স্বচ্ছতা বজায় রাখা এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষার আশা করা হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন