বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

সৌদিতে বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত, গভীর শোক প্রকাশ সরকারের

ডেস্ক রিপোর্ট।।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে সৌদি আরবের আল-খারজ গভর্নরেটে বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত ও আরও কয়েকজন আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

সোমবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, নিরীহ বাংলাদেশি বেসামরিক নাগরিকদের প্রাণহানির ঘটনা গভীর উদ্বেগের বিষয়।

নিহত দুই বাংলাদেশি হলেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাসিন্দা বাচ্চু মিয়া এবং টাঙ্গাইলের সখীপুর উপজেলার বাসিন্দা মোশাররফ হোসেন। আহত বাংলাদেশিরা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন। একই সঙ্গে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হচ্ছে।

বাংলাদেশ সরকার নিরীহ মানুষের প্রাণহানি ঘটায় এমন সব ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সবপক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এছাড়া পরিস্থিতি দ্রুত শান্ত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন