বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

জ্বালানি সংকটে ২৬ মার্চে আলোকসজ্জা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট।।

 

জ্বালানি সংকটের কথা বিবেচনায় রেখে এ বছর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৮ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা পর্যালোচনা ও মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এবার সারাদেশে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জ্বালানি সংকট মোকাবিলা এবং সরকারি কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে এবং বিদ্যুৎ ব্যবহারে সংযম আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে অন্যান্য রাষ্ট্রীয় কর্মসূচি যথারীতি অনুষ্ঠিত হবে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পমাল্য অর্পণসহ সব কর্মসূচিতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে। ঈদে মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিশেষ করে গার্মেন্টস খাতে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে যাতে কোনো অসন্তোষ তৈরি না হয়, সেজন্য বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

ঈদের প্রস্তুতি সমন্বয়ের জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপিকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। মালিক, শ্রমিক প্রতিনিধি এবং সড়ক পরিবহন ফেডারেশনের সঙ্গে তিনি সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন।

সাম্প্রতিক বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ও মব জাস্টিস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মব সংস্কৃতির বিষয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে এবং বাংলাদেশ থেকে এ ধরনের সংস্কৃতি বিলুপ্ত করার লক্ষ্যেই আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

তিনি আরও বলেন, নরসিংদীতে সংঘটিত সাম্প্রতিক অপরাধের ঘটনায় দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা হয়েছে এবং চট্টগ্রামসহ অন্যান্য জায়গার ঘটনাগুলোও পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন