সংসদের খারাপ সংস্কৃতি আমরা মানুষের মন থেকে আমরা মুছে দেব বলে মন্তব্য করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, কর্মশালায় সংসদের সংবিধান, রুলস অব প্রসিডিউর, সংসদীয় রীতি-নীতি ও কনভেনশন নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন শক্তিশালী গণতান্ত্রিক দেশের সংসদীয় কার্যক্রম সম্পর্কেও নবনির্বাচিত সংসদ সদস্যদের ধারণা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, যারা প্রথমবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, তারা নতুনভাবে দায়িত্ব পালন শুরু করবেন এবং সংসদীয় আচরণ ও নিয়ম সম্পর্কে শিখবেন। তাদের মধ্যে কোনো নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতি না থাকলে তারা সহজেই ইতিবাচক শিক্ষা গ্রহণ করতে পারবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নবীন সংসদ সদস্যদের এমনভাবে প্রস্তুত করার চেষ্টা চলছে যাতে তারা জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীদের জন্য দুই দিনের এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে সাবেক আমলা, একাডেমিশিয়ান এবং সাবেক সংসদ সদস্যরা সংসদীয় দায়িত্ব, মন্ত্রণালয় পরিচালনা এবং সংসদীয় রেওয়াজ সম্পর্কে দিকনির্দেশনা দিচ্ছেন।
কর্মশালার সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার সংসদ সদস্যরা অংশ নেন। বিকেলের সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা অংশ নেবেন।

