বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ঈদের ছুটি একদিন বেড়েছে

ডেস্ক রিপোর্ট।।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকারি ছুটি আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্তের বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদের সময় সড়ক, রেল ও নৌপথে যাত্রীচাপ অনেক বেড়ে যায়। তাই ভোগান্তি কমাতে এবং ধাপে ধাপে মানুষের যাতায়াত নিশ্চিত করতে ছুটির সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।

সরকারি ঘোষণায় জানা গেছে, চলতি বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হলে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এ সম্ভাব্য তারিখ ধরে ঈদের আগে-পরে কয়েকদিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।

এর আগে ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত ছিল। এছাড়া ঈদের আগের দিন ১৭ মার্চ শবে কদর উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। নতুন করে ১৮ মার্চ সাধারণ ছুটি যোগ হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি ভোগ করার সুযোগ পাবেন।

এদিকে সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটির পর যদি ২৪ ও ২৫ মার্চ কর্মদিবস ছুটি হিসেবে সমন্বয় করা যায়, তবে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি এবং ২৭–২৮ মার্চ সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা প্রায় ১২ দিনের ছুটি পাওয়া যেতে পারে।

তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো জানানো হয়নি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন