আটকেপড়া যাত্রীদের দুর্ভোগ কমাতে প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রাফিক সিগন্যাল মনিটরিং সেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জনদুর্ভোগ কমাতে প্রধানমন্ত্রী বারবার খোঁজখবর নিচ্ছেন। গত রাতেও তিনি মোবাইল ফোনে খোঁজ নিয়েছেন এবং আজ সকালে আবারও ফোন করেছেন। যাদের ফ্লাইট বাতিল হয়েছে, তাদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।”
মন্ত্রী আরও বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে। কেউ যদি ভুলবশত শুনে না থাকেন, তাদেরকে আমাদের যোগাযোগ বাক্সে পৌঁছানোর জন্য বলা হচ্ছে।
তিনি জানান, “গত রাত ৩টা পর্যন্ত আমরা সিভিল এভিয়েশন, প্রবাসী কল্যাণ ও পুলিশসহ সবাই মিলে একজন একজন করে যাত্রীদের সহযোগিতা করেছি। এমনকি যারা রাতের সময়ে লাগেজ নিয়ে কোথায় যাবেন জানতেন না, তাদেরকেও নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়েছে। আমরা স্ট্যান্ডবাই আছি। যাত্রীদের যেন কোনো অসুবিধা না হয়, সেটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।”

