মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে বিস্ফোরক মন্তব্য জামায়াত আমিরের

ডেস্ক রিপোর্ট।।

দৈনিক কালের কণ্ঠ–কে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন–এর বক্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি–র আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৫টা ৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

জামায়াত আমির বলেন, ‘৫ আগস্ট ২০২৪–এর ঘটনা নিয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গেছেন। কথিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে তিনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন, বর্তমান বক্তব্যে তা স্বীকার করেননি।’

তিনি প্রশ্ন তুলে বলেন, ‘সেদিন তিনি যা বলেছিলেন আর এখন যা বলছেন—এর হিসাব রাষ্ট্রপতি জাতির সামনে মিলিয়ে দেবেন কি?’

ডা. শফিকুর রহমান আরও বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য। জাতি সবকিছু পর্যবেক্ষণ করছে বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের সময়কার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং কিছু ক্ষোভ প্রকাশ করেন। তিনি দাবি করেন, তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল; তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সামরিক বাহিনী সমর্থন না দেওয়ায় তা সম্ভব হয়নি।

বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন