বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

৫ আগস্টের পর কিছু মামলায় নিরীহ মানুষ আসামি হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট।।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা বেশকিছু মামলায় ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সাধারণ ও নিরীহ লোকজনকে আসামি করা হয়েছে। এসব ঘটনায় সুবিধাবাদী একটি শ্রেণির সম্পৃক্ততার তথ্য সরকারের নজরে এসেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়–এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “৫ আগস্টের পর দায়ের করা কিছু মামলায় ব্যক্তিগত সুবিধা চরিতার্থের উদ্দেশ্যে নিরীহ মানুষকে আসামি করা হয়েছে। আমরা সেগুলো যাচাই-বাছাই করে সঠিক তথ্য বের করবো।”

তিনি আরও বলেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর এবং কেউ যেন অহেতুক হয়রানিমূলক মামলার শিকার না হন, সে বিষয়ে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিগত ১৭ বছরে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়।

তবে হত্যা, মাদক, অস্ত্র, বিস্ফোরক ও নারী-শিশু নির্যাতনসংক্রান্ত মামলা প্রত্যাহারের আওতার বাইরে থাকবে বলে স্পষ্ট করেন তিনি।

মন্ত্রী বলেন, আরও কিছু রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব মামলা প্রকৃতপক্ষে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কি না, তা নির্ধারণে একটি যাচাই-বাছাই কমিটি গঠন করা হবে।

তিনি জানান, অপব্যবহার রোধে সতর্কতার সঙ্গে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন