বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট।।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, রাজধানীর একটি এমব্রয়ডারি কারখানায় চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলার ঘটনা তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তিনি বলেন, এ ধরনের ঘটনার ক্ষেত্রে সরকার কঠোর ব্যবস্থা নেবে। পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তনও আসবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রাজধানীতে গতকাল এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে। আমি এই বিষয় খোঁজ নিতে বলেছি এবং তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছি। যদি সত্যি এমন ঘটনা ঘটে, আমরা কঠোর ব্যবস্থা নেব।”

পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, “কিছু পরিবর্তন আসবেই।”

মন্ত্রী আরও জানান, রাষ্ট্রপতির মাধ্যমে সংসদ অধিবেশন আহ্বান করা হবে। মার্চের ১২ তারিখে সংসদ অধিবেশন অনুষ্ঠিত হবে। ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রণীত অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে, শোক প্রস্তাব পাঠ করা হবে এবং রাষ্ট্রপতির ভাষণ অনুষ্ঠিত হবে।

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে তিনি জানান, এ মুহূর্তে কোনো আলোচনা হয়নি। স্পিকার ও ডেপুটি স্পিকারও পরে চূড়ান্ত করা হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন