অন্যান্য বছরের মতো এবারও আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (২১ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জাতীয় ভোটার দিবসের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বা পরশুর মধ্যে দিবসটি পালনের কর্মসূচি চূড়ান্ত করা হবে।
এ বিষয়ে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, অন্যান্যবারের মতো এবারও যথাযথ মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালন করা হবে। এ উপলক্ষে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, জাতীয় ভোটার দিবসের মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম, নাগরিকদের ভোটাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নতুন ভোটারদের উদ্বুদ্ধ করার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে নির্বাচন কমিশন।

