রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ দুবাই থেকে আসা এক যাত্রীর লাগেজ থেকে অত্যাধুনিক গ্যাসচালিত স্বয়ংক্রিয় এয়ার রাইফেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় নূর হোসেন নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটক নূর হোসেনের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলায়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুবাই থেকে শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে অত্যাধুনিক অস্ত্র আনা হচ্ছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতেই বিমানবন্দরে নজরদারি জোরদার করা হয়। রাত ৮টার দিকে ফিটস এয়ারের একটি ফ্লাইট অবতরণ করলে সন্দেহভাজন যাত্রী নূর হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, সাইকেলের যন্ত্রাংশের ভেতরে পার্টস আকারে এয়ার রাইফেলটি বহন করা হচ্ছিল। পরে কাস্টমস ও গোয়েন্দা কর্মকর্তারা তল্লাশি চালিয়ে গ্যাসচালিত স্বয়ংক্রিয় এয়ার রাইফেলটি জব্দ করেন।
কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া অস্ত্রটি অত্যাধুনিক প্রযুক্তির। নূর হোসেনের কাছ থেকে এয়ার রাইফেল ছাড়াও প্রায় ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার, তিনটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ১০ কার্টন সিগারেট, পাঁচ কেজি খাদ্যপণ্য, দুই লিটার পারফিউম এবং একটি বাইসাইকেলের অংশবিশেষ জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিমানবন্দর থানা পুলিশ।

