বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

ডেস্ক রিপোর্ট।।

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবসহ বিভিন্ন ধর্মগুরুদের সম্মানী ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার। তবে সম্মানীর পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেইটে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান। এ সময় তার পাশে ছিলেন স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম।

মাহদী আমিন বলেন, নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সম্মানী ভাতা প্রদান। ক্ষমতায় এসে সেই ধারাবাহিকতায় সরকার ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু করবে। পর্যায়ক্রমে তা সারা দেশে সম্প্রসারণ করা হবে।

সম্মানী ভাতার পরিমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে চূড়ান্ত করা হবে।

এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, শনিবার ছিল প্রধানমন্ত্রী তারেক রহমান-এর তৃতীয় কর্মদিবস। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে তিনি বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, তেজগাঁও কার্যালয়ে প্রথমবার অফিস করেন প্রধানমন্ত্রী। অফিসে প্রবেশের আগে তিনি ব্রিফিং নেন এবং দীর্ঘদিনের কর্মজীবীদের সঙ্গে কথা বলেন। সংশ্লিষ্ট মন্ত্রীরাও নীতিনির্ধারণী কার্যক্রম নিয়ে আলোচনা করেছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন