মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করবেন।
দিবসটি ঘিরে রাজধানীসহ সারা দেশে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, একুশের অনুষ্ঠান নির্বিঘ্ন করতে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান বলেছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান ঘিরে কোনো সুনির্দিষ্ট হুমকির তথ্য নেই। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র্যাব প্রস্তুত রয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
নেওয়া হয়েছে যেসব বিশেষ ব্যবস্থা
শহীদ মিনার এলাকায় বহুস্তর নিরাপত্তা বলয়, র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের তল্লাশি কার্যক্রম, ডগ স্কোয়াড দিয়ে সুইপিং সম্পন্ন, স্পেশাল ফোর্স স্ট্যান্ডবাই রাখা, ভিভিআইপি ও ভিআইপি ব্যক্তিদের জন্য পৃথক নিরাপত্তা পরিকল্পনা।
প্রতিবছরের মতো এবারও একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন।
একুশের চেতনাকে ধারণ করে মধ্যরাত থেকেই সর্বস্তরের মানুষের ঢল নামবে শহীদ মিনার প্রাঙ্গণে।

