থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) কোনো অবস্থাতেই সরাসরি মন্ত্রীকে ফোন করতে পারবেন না—এমন কঠোর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে দায়িত্ব গ্রহণের প্রথম দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের সচিব ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন—যেকোনো মূল্যে কমান্ড চেইন বজায় রাখতে হবে এবং পুলিশের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না। কোনো ওসির ফোন সরাসরি মন্ত্রীর কাছে আসা উচিত নয় এবং এ বিষয়ে তিনি কঠোর অবস্থানে থাকবেন।
তিনি কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্বে মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং অপ্রয়োজনীয় বিষয়ে জড়িত না হতে পরামর্শ দেন। অতীতের পুলিশি কার্যক্রমের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, আগের অবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই; বরং সামনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে অগ্রাধিকার।
দুর্নীতি ও তদবিরের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে তিনি বলেন, কোনো ধরনের তদবির গ্রহণযোগ্য হবে না। বাহিনীর ভেতরে কেউ অপরাধে জড়িত থাকলে তদন্ত শেষে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে—এ বিষয়ে কোনো আপস করা হবে না।
সড়কে জনদুর্ভোগের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমন কোনো কর্মসূচি গ্রহণ করা যাবে না যা মানুষের কষ্টের কারণ হয়।
রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “পুলিশ ও অন্যান্য সংস্থাকে তাদের বিশ্বাসযোগ্যতা পুনর্গঠন করতে হবে। পুলিশকে জনগণের বন্ধু হতে হবে। যে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা পুনরুদ্ধার করতে হবে।”
একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “সবার জন্য জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে। কোনো ধরনের অবৈধ কাজ বরদাশত করা হবে না।”

