ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করেছে। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এর মধ্য দিয়ে প্রধান উপদেষ্টার পদ বিলুপ্ত হয় এবং দায়িত্ব শেষ হয় মুহাম্মদ ইউনূস-এর।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বিদায়ী প্রধান উপদেষ্টা। তার ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, তিনি গুলশানে নিজ বাসভবনে উঠবেন। আগামী সপ্তাহের মধ্যেই এ স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।
সরকারি একটি সূত্র জানিয়েছে, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় উঠতে পারেন। তবে এর আগে ভবনটিতে কিছু সংস্কারকাজ প্রয়োজন হতে পারে এবং তা সম্পন্ন করতে প্রায় দুই মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে সরকার পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। টানা ৫৫৯ দিন দায়িত্ব পালনের পর মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। দায়িত্ব শেষে তিনি রাষ্ট্রীয় প্রটোকল ছাড়াই যমুনায় ফিরে যান।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ড. ইউনূস এখন তার আগের পেশাগত কর্মকাণ্ডে ফিরতে পারেন। পাশাপাশি সম্প্রতি অনুমোদন পাওয়া গ্রামীণ বিশ্ববিদ্যালয়-এর কার্যক্রম তদারকিতেও যুক্ত হতে পারেন। দেশের ১১৬তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গত ১৭ মার্চ প্রতিষ্ঠানটি অনুমোদন পেয়েছে।

