বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

দ্রুতই জেলা-উপজেলা-পৌরসভা নির্বাচনের ব্যবস্থা করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী

ডেস্ক রিপোর্ট।।

নতুন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যত দ্রুত সম্ভব জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে নির্বাচনের ব্যবস্থা করা হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কর্মদিবসে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ প্রতিশ্রুতি দেন।

মন্ত্রী বলেন, “এগুলোতে নির্বাচনের ব্যবস্থা একদিনে সম্ভব নয়, তবে আমরা শিগগিরই এগিয়ে যাচ্ছি।” তিনি আরও উল্লেখ করেন, সরকারের মূল চ্যালেঞ্জ হলো দেশের জন্য পরিকল্পনা বাস্তবায়ন করা এবং মানুষের সমস্যার সমাধান করা।

তিনি বলেন, “ডেমোক্রেসিই আমাদের প্রধান উপাদান। স্থানীয় সরকার মন্ত্রণালয় মানুষের সঙ্গে সরাসরি সংযুক্ত। আমি নিজেও আগে লোকাল গভর্নমেন্টে কাজ করেছি, তাই আমাদের মন্ত্রণালয়কে গতিশীল এবং ফলপ্রসূ করতে পারব।”

আইনশৃঙ্খলা, অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার বিষয়ে তিনি আশ্বাস দেন, “অতটা খারাপ পরিস্থিতি নেই। আইনশৃঙ্খলা অনেক উন্নত হয়েছে, আর অর্থনীতি স্থিতিশীল হয়ে এসেছে। আমাদের সমন্বিত প্রচেষ্টায় আরও উন্নতি সম্ভব।”

মন্ত্রী দেশের সাম্প্রতিক অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের সময়ে অর্জিত সাফল্যকেও গুরুত্ব দেন। তিনি বলেন, “ইলেকশন অনুষ্ঠিত হয়েছে এবং একটি নির্বাচিত সরকার গঠন হয়েছে। এটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক ভোট প্রক্রিয়া হিসেবে স্বীকৃত।”

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের বিষয়ে সরকারের সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে কোনো শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নেই, কারণ তারা সময়মতো দায়িত্ব পালন করেছে এবং ট্রানজিশন টু ডেমোক্রেসি নিশ্চিত করেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন