প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান তিনি। এ সময় মন্ত্রিপরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিপরিষদ। স্মৃতিসৌধ এলাকায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন। মহাসড়কে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয় এবং ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট তৎপর থাকে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়।
গতকাল মঙ্গলবার শপথ গ্রহণের মাধ্যমে দেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান।
দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে বুধবার সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্যাহ্নভোজের পর বিকেলে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এ উপলক্ষে সচিবালয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
কর্মকর্তারা জানান, নির্বাচনের গেজেট প্রকাশের পর থেকেই মন্ত্রিপরিষদ বিভাগে ব্যস্ততা বেড়েছে। নতুন ভবনের লিফটগুলোতে সারাদিন ছিল কর্মকর্তাদের যাতায়াত। শপথ অনুষ্ঠান আয়োজনের সার্বিক তত্ত্বাবধানও করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মঙ্গলবার নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

