মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি বীর শহীদদের স্মরণ করেন। এ সময় তাঁর সঙ্গে নবগঠিত মন্ত্রিসভার সদস্যরাও উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। পরে প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত সময় কথা বলেন।
প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর আজই তাঁর প্রথম কর্মদিবস। দুপুরে তিনি সচিবালয়ে যাবেন। বিকেলে তাঁর সভাপতিত্বে নবগঠিত মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হবে। একই দিনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেরও সূচি রয়েছে।
এর আগে মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। শপথের পর নতুন মন্ত্রিসভার মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও শপথ নেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। এর মধ্য দিয়ে প্রায় দুই দশক পর বিএনপির নেতৃত্বে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয় লাভ করে। জোটের শরিক দলগুলো পায় আরও তিনটি আসন।

