বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ছাত্রীকে উত্ত্যক্ত, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামে আলীমুদ্দিন ছবুর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বুড়িমারী ইউনিয়নে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

জানা যায়, বুড়িমারী হাদিসপাড়া এলাকার রেজাউল ইসলামের ছেলে রানা ইসলাম (২১) দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে বিভিন্নভাবে ইভটিজিং করে আসছিল। সোমবার সকালে স্কুলে যাওয়ার পথে আবারও তার সঙ্গে অসংলগ্ন কথাবার্তা বললে ছাত্রীটি বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়।

পরে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারা লঙ্ঘনের অপরাধে রানা ইসলামকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ সময় পাটগ্রাম থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করে।

উল্লেখ্য, অভিযুক্ত যুবককে দণ্ড দেওয়ার পর বিদ্যালয়ের শতাধিক ছাত্রী হাততালি দিয়ে আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানায়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন