নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে দুইশত পিস ইয়াবাসহ স্বামী স্ত্রী গ্রেপ্তার।
গ্রেপ্তারকৃতরা হলেন – নেত্রকোণা জেলার নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের দূর্গাশ্রম গ্রামের মোঃ কামরুল ইসলাম ও তার স্ত্রী নাসরিন সুলতানা।
আজ সোমবার (১৬ফেব্রুয়ারী) সকাল সাড়ে দশটার দিকে নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে রোববার (১৫ফেব্রুয়ারী) রাত আনুমানিক সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার সময় নেত্রকোণা সদর থানাধীন মদনপুর ইউনিয়নের বায়রাউড়া বাজারস্থ মরিয়ম বীজ ভান্ডার নামক দোকানের পাশে কেন্দুয়া- নেত্রকোণাগামী পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো: নাজমুল হকের নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম উল্লেখিত ঘটনাস্হলে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক সিএনঞ্জি তল্লাশি করে দুইশত পিস ইয়াবা নামক ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক জানান – জিপারযুক্ত নীল রংয়ের একটি পলি প্যাকেটে অ্যামফিটামিনযুক্ত কমলা বর্ণের ইয়াবা নামক ট্যাবলেট ১০০পিস যার ওজন-১০ গ্রাম। অবৈধ বাজার মূল্য- চল্লিশ হাজার টাকা। সাদা রংয়ের একটি পলিথিন ব্যাগের ভিতর জিপারযুক্ত সাদা রংয়ের একটি পলি প্যাকেটে অ্যামফিটামিনযুক্ত কমলা বর্ণের ইয়াবা নামক ট্যাবলেট ১০০পিস যার ওজন- ১০ গ্রাম। অবৈধ বাজার মূল্য- চল্লিশ হাজার টাকা।
আলামতসমূহের সর্বমোট অবৈধ বাজার মূল্য- আশি হাজার টাকা।
তিনি আরও জানান – নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: আল-আমিন বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে নেত্রকোণা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

