বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

শপথ অনুষ্ঠানে চীন-ভারত-পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

ডেস্ক রিপোর্ট।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে শপথ নিতে যাচ্ছে নবনির্বাচিত সরকার।

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতোমধ্যে শুরু হয়েছে কূটনৈতিক তৎপরতা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর স্বাক্ষরে চীন, ভারত, পাকিস্তানসহ ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে।

আমন্ত্রিত দেশগুলোর তালিকায় রয়েছে চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ, ভুটান।

কূটনৈতিক সূত্র জানায়, বিজয়ী দল বিএনপির নীতিনির্ধারণী নেতৃত্বের সঙ্গে আলোচনার ভিত্তিতেই আমন্ত্রণের তালিকা চূড়ান্ত করা হয়েছে।

আগামী ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ আয়োজনে দেশি-বিদেশি অতিথিদের উপস্থিতি থাকছে বলে জানা গেছে।

নতুন সরকারের শপথের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন