বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ: ইসি

ডেস্ক রিপোর্ট।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ শুরুর সাড়ে ছয় ঘণ্টা পর পর্যন্ত দেশের ৩৬ হাজার ৩১টি ভোটকেন্দ্রের তথ্য অনুযায়ী ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, দুপুর ২টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ভোটার উপস্থিতি সন্তোষজনক।

ভোটকেন্দ্রে সহিংসতা ও অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন স্থান থেকে পাওয়া অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। কোনো অভিযোগ প্রমাণিত হলে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে আখতার আহমেদ জানান, তিনি দুটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন এবং সেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা লক্ষ্য করেননি। দুপুরের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও পরে তা বেড়েছে বলে তিনি উল্লেখ করেন।

সারা দেশে সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ চলবে।

তবে জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যু হওয়ায় শেরপুর–৩ আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ফলে ওই আসনটি বাদ দিয়ে বাকি ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন