শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট।।

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সব শ্রেণি ও পেশার ভোটারদের কাছে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বুধবার (১২ ফেব্রুয়ারি) তিনি একটি বাণীতে বলেন,

“এ যুগান্তকারী গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ও তাৎপর্যপূর্ণ অধ্যায়। এটি শুধু একটি নির্বাচন নয়; বরং দেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা, গণতান্ত্রিক ধারা ও জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ।”

তিনি আরও বলেন, দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণ জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, এই নির্বাচন সেই আকাঙ্ক্ষার চূড়ান্ত ও প্রাতিষ্ঠানিক বহিঃপ্রকাশ। গণভোটের মাধ্যমে জনগণ ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থা সম্পর্কে স্পষ্ট মতামত ব্যক্ত করবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য, দায়বদ্ধ ও জনআকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল জনপ্রতিনিধি নির্বাচন করবেন।

প্রধান উপদেষ্টা বিশেষভাবে তরুণ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,

“দেশের বিপুলসংখ্যক তরুণ নাগরিক এবারই প্রথম তাদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ভোট প্রদানের সুযোগ থেকে বঞ্চিত পূর্ণবয়স্ক নাগরিকও তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাই এই নির্বাচন যেন প্রতিটি ভোটারের জন্য আনন্দময়, শঙ্কামুক্ত, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর গণতান্ত্রিক অভিজ্ঞতায় পরিণত হয়, তা নিশ্চিত করা আমাদের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব।”

তিনি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের গুরুত্বে গুরুত্ব আরোপ করে বলেন,

“প্রশাসন, নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনী যেন কোনো প্রকার ভয়, চাপ বা প্রভাব ছাড়াই ভোটারদের স্বাধীনভাবে ভোট দেওয়ার নিশ্চয়তা প্রদান করেন। একই সঙ্গে আমি রাজনৈতিক দল, প্রার্থী ও সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম, সহনশীলতা ও গণতান্ত্রিক আচরণ বজায় রাখার আহ্বান জানাই।”

প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন,

“গণতন্ত্রের এই ঐতিহাসিক অভিযাত্রায় জনগণের সক্রিয় অংশগ্রহণ একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশের পথে আমাদের সম্মিলিত অগ্রযাত্রাকে শক্তিশালী করবে।”

সূত্র: বাসস

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন