বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

অরক্ষিত সীমান্তে অস্ত্র ও মাদক পাচার: লালমনিরহাটে সতর্কবার্তা

লালমনিরহাট প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে লালমনিরহাটের অরক্ষিত ভারত সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও মাদক পাচারের ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় একাধিক পিস্তল ও গোলাবারুদ উদ্ধার হওয়ায় বিষয়টি উদ্বেগজনক হয়ে উঠেছে।

জানা গেছে, ২৭ ডিসেম্বর ভোররাতে জেলার পাটগ্রাম উপজেলার সীমান্তে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) পয়ষট্টিবাড়ী বিওপি ক্যাম্পের সদস্যরা আতিক নামের এক ব্যক্তিকে একটি পিস্তল ও গুলিসহ আটক করে। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি পাটগ্রাম থানা পশ্চিম শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন।

এরপর, ২৮ জানুয়ারি রাত ৩টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর একটি টহল দল সদর উপজেলার মোগলহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রে তৈরি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে পালিয়ে যায়।

নিরীক্ষণে জানা গেছে, লালমনিরহাট জেলার সদর, কালিগঞ্জ, হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলার অন্তত ১১টি সীমান্ত পয়েন্ট দিয়ে নিয়মিতভাবে মাদক ও অস্ত্র পাচার হচ্ছে। এসব এলাকার অনেক অংশ এখনও কাঁটাতারের বেড়াবিহীন ও অরক্ষিত। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও কিছু অসাধু বিজিবি সদস্যের সহায়তায় চোরাকারবারি সিন্ডিকেটগুলো সংগঠিতভাবে এসব অপরাধ চালাচ্ছে।

সীমান্তবাসীরা জানান, ভারতের সঙ্গে থাকা অরক্ষিত সীমান্ত পথের মাধ্যমে দেশের সবচেয়ে বেশি অবৈধ অস্ত্র ঢুকছে। এছাড়া মাছ ধরার ট্রলার ও নৌকাও অস্ত্র পাচারের কাজে ব্যবহার করা হচ্ছে। বড় চালান নিরাপদে পৌঁছানোর জন্য চোরাকারবারিরা ইচ্ছাকৃতভাবে ছোট মাদক বা ভারতীয় কাপড়ের চালান আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।

এ বিষয়ে ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম (পিএসসি) বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে স্পর্শকাতর এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন