ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত টানা চার দিনের ছুটিতে রাজধানী ছাড়ছেন শ্রমজীবী মানুষ। গ্রামে ফেরার চাপ বাড়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। একসঙ্গে হাজারো মানুষ বাড়ির পথে রওনা দেওয়ায় মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানবাহন চলাচল করছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকেই মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। এর ফলে এলেঙ্গা থেকে সদর উপজেলার শিবপুর পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রীরা জানান, যানবাহনের স্বল্পতার সুযোগে কোথাও কোথাও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।
এদিকে গন্তব্যে দ্রুত পৌঁছাতে অনেকেই ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপ ভ্যানে করে যাত্রা করছেন, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে।
যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কাজ করছে পুলিশ। পুলিশ জানায়, চার দিনের ছুটিতে উত্তরাঞ্চলসহ আশপাশের অন্তত ২৩ জেলার মানুষ এই মহাসড়ক ব্যবহার করছে। এতে দুপুরের পর থেকে যানবাহনের চাপ বেড়ে যানজট সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা চালানো হচ্ছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, “বর্তমানে মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে, তবে পুলিশি ব্যবস্থাপনায় যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।”

