বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

অর্থ উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন সংক্রান্ত প্রস্তাব বাতিলের প্রতিবাদে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভা থেকে এ দাবি জানানো হয়।

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ব্যানারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশ নেন।

প্রতিবাদ সভায় সংগঠনের সভাপতি এ কে এম মাসুম বিল্লাহ বলেন, গত বছরের অক্টোবরের শুরুতে বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধনের একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। কিন্তু কোনো ধরনের আলোচনা বা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করেই প্রস্তাবটি বাতিল করা হয়। তিনি অভিযোগ করেন, বর্তমান অর্থ উপদেষ্টা গভর্নর থাকাকালে এই সংশোধনের পক্ষে থাকলেও পরে নিজেই অবস্থান পরিবর্তন করে প্রস্তাবটি অপ্রয়োজনীয় বলে মত দেন। এ ধরনের পরস্পরবিরোধী অবস্থানের দায় নিয়ে তার পদত্যাগ করা উচিত বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে এগিয়ে থাকা দুটি প্রধান রাজনৈতিক দলই তাদের নির্বাচনী ইশতেহারে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের পক্ষে অঙ্গীকার করেছে। যে দলই সরকার গঠন করুক না কেন, দ্রুত সময়ের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন শেষে সব স্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রতিবাদ সভায় পাঠ করা লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ বলেন, বাংলাদেশ ব্যাংকের আইনি কাঠামো শক্তিশালী ও স্বায়ত্তশাসন নিশ্চিত করার লক্ষ্যে গত ৯ অক্টোবর বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধনের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। এর আগে এ বিষয়ে অর্থ উপদেষ্টার কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছিল।

তিনি বলেন, দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠায় একটি স্বাধীন ও শক্তিশালী কেন্দ্রীয় ব্যাংকের বিকল্প নেই। কিন্তু দুঃখজনকভাবে আর্থিক খাত সংস্কারে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন সংস্কার উদ্যোগ নেওয়া হলেও বহুল আলোচিত বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন অধ্যাদেশ প্রণয়ন না হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হতাশা ও অসন্তোষ বাড়ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন