শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা : ইসি সানাউল্লাহ

ডেস্ক রিপোর্ট।।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফলাফল বুথ পরিদর্শনের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা জানান। তিনি বলেন, “সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করলে কোনো সমস্যা হবে না।”

এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। ওই নির্দেশনায় কেবল প্রিজাইডিং কর্মকর্তা, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং দুইজন আনসার সদস্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবে উল্লেখ করা হয়েছিল।

এই সিদ্ধান্তের কারণে প্রার্থী ও সাংবাদিকদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়। সাংবাদিকদের পক্ষ থেকে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিবাদ জানায়। সংগঠনের সভাপতি কাজী জেবেল বলেন, “এ ধরনের নিষেধাজ্ঞা নির্বাচনের স্বচ্ছতা এবং গণমাধ্যমের স্বাধীনতার পথে প্রতিবন্ধকতা তৈরি করবে। সাংবাদিকদের দায়িত্ব পালনে মোবাইল ফোন অপরিহার্য।”

সাংবাদিক নেতাদের প্রতিবাদের প্রেক্ষিতে নির্বাচন কমিশন তাদের অবস্থান থেকে সরে এসেছে। ইসি সানাউল্লাহ সাংবাদিকদের আশ্বস্ত করে জানান, মোবাইল ফোন বহনে যে নিষেধাজ্ঞা ছিল, তা সাংবাদিকদের ক্ষেত্রে শিথিল করা হবে এবং দ্রুত নতুন প্রজ্ঞাপন জারি করা হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন