লালমনিরহাট-১ (হাতীবান্ধা–পাটগ্রাম) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শিহাব আহমেদের গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে প্রার্থীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের জোড়পুকুর এলাকায় লালমনিরহাট–বুড়িমারী মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে।
দলীয় কর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলায় একটি জনসভা শেষ করে রাতে গাড়িবহর নিয়ে ফিরছিলেন স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ। তার গাড়িবহরটি জোড়পুকুর এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত চলন্ত গাড়ি লক্ষ্য করে আকস্মিক হামলা চালায়। হামলায় প্রার্থীর গাড়ির পেছনের কাচ ভেঙে যায় এবং ভাঙা কাচের আঘাতে শিহাব আহমেদসহ গাড়িতে থাকা আরও একজন আহত হন। পরে তাদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হামলার খবর ছড়িয়ে পড়লে প্রার্থীর সমর্থকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং লালমনিরহাট–বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টাব্যাপী অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দেয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত চলছে।

