শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

চীন থেকে ৪টি নতুন জাহাজ কিনছে বাংলাদেশ, ব্যয় প্রায় ২৪ কোটি মার্কিন ডলার

ডেস্ক রিপোর্ট।।

চীন থেকে চারটি নতুন জাহাজ কেনার লক্ষ্যে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকায় অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চীন সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী চুক্তিতে সই করেন।

ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস জানায়, কেনা জাহাজগুলোর মধ্যে দুটি হবে ক্রুড অয়েল মাদার ট্যাংকার এবং অপর দুটি মাদার বাল্ক ক্যারিয়ার। এসব জাহাজ সংগ্রহে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৪ কোটি ১৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

এর মধ্যে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার কিনতে ব্যয় হবে ১৫ কোটি ১৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার এবং দুটি মাদার বাল্ক ক্যারিয়ার কেনায় ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৯৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশের নৌপরিবহন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সঙ্গে বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের সামুদ্রিক স্বায়ত্তশাসন আরও সুদৃঢ় হবে।

তিনি আরও বলেন, চীন বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশী সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি চীন-বাংলাদেশ অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চীন আগ্রহী বলেও উল্লেখ করেন তিনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন