বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নতুন বাণিজ্য চুক্তি আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) স্বাক্ষরিত হতে যাচ্ছে। চুক্তিতে সই সম্পন্ন হওয়ার পর এর শর্তাবলি ও বিস্তারিত বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশীরউদ্দিন।
রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
শেখ বশীরউদ্দিন জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি বাজারের আকার প্রায় এক লাখ কোটি টাকা। এই বৃহৎ বাজার ধরে রাখা এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করতেই বোয়িং কোম্পানি থেকে উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনা হবে, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মোট ৪৭টি উড়োজাহাজ কেনার প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে আপাতত সীমিত পরিসরে ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপদেষ্টা আরও জানান, বাণিজ্য চুক্তি চূড়ান্ত হলে এর লক্ষ্য, শর্ত ও অন্যান্য গুরুত্বপূর্ণ দিক জনসমক্ষে তুলে ধরা হবে। অন্তর্বর্তী সরকার নির্বাচনের ঠিক আগে এই চুক্তি সম্পাদনের মাধ্যমে ভবিষ্যতে নির্বাচিত সরকারকে আন্তর্জাতিক চাপ থেকে মুক্ত রাখার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ব্যক্তিগত প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্ব ছাড়ার আগে নিজের সম্পদের বিবরণী জমা দেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পাশাপাশি বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে তার দায়িত্ব পালনের বিষয়টি ব্যতিক্রম কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় শেখ বশীরউদ্দিন জাপানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিকে দেশের অর্থনীতির জন্য একটি ঐতিহাসিক অর্জন হিসেবেও উল্লেখ করেন।

