ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় একটি পুকুরে দিনভর যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি চারটি উন্নতমানের পিস্তল রয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ঢাকা–খুলনা মহাসড়কসংলগ্ন কানাইপুর আখ সেন্টারের একটি পুকুরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন। তবে অভিযান শেষে কাউকে আটক করা সম্ভব হয়নি।
যৌথ বাহিনী সূত্র জানায়, গত ৫ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র পুকুরটিতে লুকিয়ে রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রথমে পুরো এলাকা ঘিরে ফেলে শ্যালো মেশিনের মাধ্যমে পুকুরের পানি সেচ করা হয়। পরে পানি কমে এলে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় জেলেদের সহায়তায় জাল ফেলে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে চারটি প্যাকেটে মোড়ানো অবস্থায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি চারটি পিস্তল, দুটি ওয়ান শুটার গান, ১৬ রাউন্ড গুলি এবং শতাধিক দেশীয় অস্ত্র—যার মধ্যে রামদা, বল্লম, সরকি ও চাকু রয়েছে।
অভিযান শেষে ফরিদপুর সদর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সোহেল আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আসন্ন নির্বাচনকে ঘিরে নাশকতার উদ্দেশ্যে এসব অস্ত্র মজুত করা হয়েছিল। তিনি আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্রগুলোর একটি অংশ ৫ আগস্ট বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের সঙ্গে মিল থাকতে পারে।
তিনি বলেন, উদ্ধারকৃত সব অস্ত্র পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে এগুলো কোন থানার অস্ত্র কি না।
এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

