বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

পর্যটন ভিসা বন্ধে রাজবাড়ী থেকে ভারতের মেদিনীপুর যাচ্ছে না ওরশ স্পেশাল ট্রেন

রাজবাড়ি প্রতিনিধি

বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে ১৯০২ সাল থেকে প্রতিবছর রাজবাড়ী থেকে যাত্রী নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় দেশের একমাত্র স্পেশাল ট্রেন। কিন্তু এ বছর ভারতের পর্যটন ভিসা বন্ধের কারণে রাজবাড়ী থেকে ভারতের মেদিনীপুর যাচ্ছে না ওরশ স্পেশাল ট্রেন। ফলে শত বছরের ঐতিহ্যবাহী ওরশ স্পেশাল ট্রেনের যাত্রায় দ্বিতীয়বারের মতো বন্ধ হলো যাত্রা। আগামী ১৭ ফেব্রুয়ারি রাতে ভারতের মেদিনীপুরে ১২৫তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ২০২৪ সালের গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে নিরাপত্তাজনিত ইস্যুসহ বিভিন্ন কারণে পর্যটন ভিসা বন্ধ রেখেছে ভারত সরকার। ফলে এ বছরেও রাজবাড়ী থেকে আঞ্জুমান-ই কাদেরীয়ার উদ্যোগে ভারতের মেদিনীপুরে যাচ্ছে না ওরশ স্পেশাল ট্রেন। ১৯০২ সালে চালু হওয়া এ ওরশ স্পেশাল ট্রেন ২০২১ ও ২০২২ সালে করোনা মহামারির কারণে এবং ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর ভারতীয় পর্যটন ভিসা বন্ধের কারণে ২০২৫ ও চলতি বছর ২০২৬ সালে সালে ট্রেনের যাত্রা বন্ধ রয়েছে।

সর্বশেষ ২০২৪ সালে ভারতের মেদিনীপুরে অনুষ্ঠিত ওরশে আঞ্জুমান কাদেরীয়ায় বাংলাদেশের মুরিদদের যোগদানের জন্য ১৪ ফেব্রুয়ারী বাংলাদেশের রাজবাড়ী থেকে ভারতের মেদিনীপুর পর্যন্ত একটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে ২২টি সাধারণ বসার কোচ ও দুইটি প্রতিবন্ধীদের জন্য দ্বিতীয় শ্রেণীর লাগেজ কোচের সমন্বয়ে মোট ২৪ কোচের ভারতীয় খালি রেক দর্শনা থেকে উন্মুক্ত পথে রাজবাড়ী আনা হয়। রাজবাড়ী স্টেশনে স্পেশাল ট্রেনটি ওয়াটারিং এবং ক্লিনিংয়ের ব্যবস্থা করার পর ওইদিন রাত ১০টায় স্পেশাল ট্রেনটি রাজবাড়ী থেকে ছেড়ে দর্শনা বর্ডার দিয়ে ১৫ ফেব্রুয়ারী গেদে পৌঁছায় এবং ১৬ ফেব্রুয়ারী মেদিনীপুর পৌঁছায়। স্পেশাল ট্রেনটি ১৮ ফেব্রুয়ারী ভারতের সময় রাত ১০টায় মেদিনীপুর থেকে ছেড়ে ভারতের গেদে বর্ডার দিয়ে দর্শনা হয়ে গত ১৯ ফেব্রুয়ারী দুপুরে রাজবাড়ী ফিরে আসে। রাজবাড়ী স্টেশন থেকে ২২৫৭ জন ওরশ যাত্রী ট্রেনে মেদিনীপুর যায়।

রাজবাড়ীর রেলওয়ের স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের হযরত আলী আব্দুল কাদের সামশুল কাদের সৈয়দ শাহ্ মোরশেদ আলী আল্ কাদেরী আল হাসানী ওয়াল হুসাইনী আল্ বাগদাদী আল মেদিনীপুরী (আঃ)-এর ১২৫ তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর বাংলাদেশ এবং ভারত সরকারের রেলওয়ে বিভাগের ব্যবস্থাপনায় ২৪ টি বগির একটি বিশেষ ট্রেন বরাদ্দ করা হয়। কিন্তু এবার ভিসা বন্ধ থাকায় ট্রেন ছেড়ে যাওয়ার বিষয়ে কোন নির্দেশনা আসেনি।

রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার ভারপ্রাপ্ত সভাপতি নাসিম শফি বলেন, ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে নূরনবী হযরত মুহাম্মদ (সা.) এর ৩২তম ও বড় পীর গাউসুল আযম হযরত আব্দুল কাদের জিলানী (আ.) এর ১৯তম অধস্তন পবিত্র বংশধর আলী আব্দুল কাদের সামশুল কাদের হযরত সৈয়দ শাহ মোর্শেদ আলী আল কাদেরী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদী আল মেদিনীপুরী (আ.) মশহুর নাম ‘মওলাপাক’-এর ১২৫তম বার্ষিক পবিত্র ওরশ আগামী ১৭ই ফেব্রুয়ারি দিনগত রাতে মেদিনীপুর জোড়া মসজিদে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে ১৯০২ সাল থেকে এ স্পেশাল ট্রেনটি চলাচলের ব্যবস্থা করে আসছে। এর মধ্যে দেশ ভাগ হয়ে গেলেও ঐতিহ্য রক্ষায় দুই দেশের রেল কর্তৃপক্ষ এ সেবা চালু রাখে।

তিনি আর বলেন, করোনা মহামারির কারণে ২০২১ ও ২০২২ সালে ওরশ স্পেশাল ট্রেনের যাত্রা বন্ধ ছিল। ২০২৫ ও চলতি ২০২৬ সালে ভারতের পর্যটন ভিসা রাখার কারণে ওরশ স্পেশাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ভারতের মেদিনীপুরের সঙ্গে মিল রেখে রাজবাড়ী শহরের বড় মসজিদ (খানকা শরীফ) ১২৫তম বার্ষিক ওরশ শরীফ পালন করা হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন