শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট

ডেস্ক রিপোর্ট।।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘পোস্টাল ভোট বিডি’ (Postal Vote BD) মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসী ও দেশের অভ্যন্তরে থাকা ভোটারদের ডাকযোগে ভোট প্রদান কার্যক্রম জোরালোভাবে এগিয়ে চলেছে। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রবাসী ভোটারদের পাঠানো ৪ লাখ ২২ হাজার ৯৬০টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা পর্যন্ত অ্যাপের হালনাগাদ তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এর মধ্যে ২ লাখ ২৫ হাজার ১৬৮টি ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের মধ্যে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট দেশে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৩৩ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৯৪ হাজার ১৮৫ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন। ভোট প্রদান শেষে ৪ লাখ ৬৮ হাজার ৯১টি ব্যালট ডাকবাক্স বা পোস্ট অফিসে জমা দেওয়া হয়েছে। এর মধ্য থেকে এখন পর্যন্ত ৪ লাখ ২২ হাজার ৯৬০টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

দেশে পৌঁছানো ব্যালটের একটি বড় অংশ ইতোমধ্যে নির্বাচনী কর্মকর্তাদের হাতে এসেছে। কমিশনের তথ্যে বলা হয়েছে, প্রবাসী ভোটারদের পাঠানো ব্যালটের মধ্যে ২ লাখ ২৫ হাজার ১৬৮টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন।

একই সঙ্গে দেশের অভ্যন্তরে থাকা পোস্টাল ভোটারদের (ICPV) অংশগ্রহণও উল্লেখযোগ্য। যেসব ভোটার পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছিলেন, তাদের জন্য বিডি পোস্টের মাধ্যমে ৬ লাখ ৯৪ হাজার ১৪৬টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৮১ হাজার ৭ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৩ লাখ ২১ হাজার ৬৯৫ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন।

দেশীয় পোস্টাল ভোটারদের মধ্যে ২ লাখ ৭৬ হাজার ২৭২টি ব্যালট পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত এসব ব্যালটের মধ্যে ৮৩ হাজার ৯৪২টি রিটার্নিং কর্মকর্তার কাছে এসে পৌঁছেছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, পোস্টাল ভোটিং প্রক্রিয়ায় প্রবাসী ও দেশের অভ্যন্তরে থাকা ভোটারদের অংশগ্রহণ বাড়ায় এবারের নির্বাচনে ভোটগ্রহণ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হয়েছে। কমিশন আশা করছে, আগামী দিনে আরও ব্যালট দেশে এসে পৌঁছাবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন