বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ছাত্রদলে যোগ দিলেন গকসু ভিপি

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতিতে যুক্ত হয়েছেন গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহসভাপতি (ভিপি) মো. ইয়াসিন আল মৃদুল দেওয়ান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর তিনি দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ইয়াসিন আল মৃদুল দেওয়ানের ছাত্রদলে যোগদানের বিষয়টি জানান।

রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, বিএনপির আদর্শ ও রাজনৈতিক দর্শনের সঙ্গে তার চিন্তা-ভাবনার মিল রয়েছে। তিনি জানান, বিশেষ করে তারেক রহমানের রাজনৈতিক বক্তব্য, দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।

তিনি আরও বলেন, “তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও আলোচনা আমার রাজনৈতিক অবস্থানকে আরও সুস্পষ্ট করেছে। তার চিন্তাধারা এবং দেশ পরিচালনার ভাবনা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে। আমি বিশ্বাস করি, এই রাজনৈতিক ধারার সঙ্গে যুক্ত হয়ে দেশের জন্য ইতিবাচক কিছু করা সম্ভব।”

উল্লেখ্য, দীর্ঘ সাত বছর পর ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে সাভারের বেসরকারি গণবিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। ওই নির্বাচনে সহসভাপতি (ভিপি) হিসেবে নির্বাচিত হন মো. ইয়াসিন আল মৃদুল দেওয়ান। একই নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে রায়হান খান এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে সামিউল হাসান শোভন বিজয়ী হন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন