আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে সারাদেশে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সেনাসদর। এবার প্রথমবারের মতো সেনাবাহিনীকে ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত সরাসরি টহল দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর গুলিস্তানে রোলার স্কেটিং কমপ্লেক্সে ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় সেনাবাহিনীর দায়িত্ব পালন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেনাসদরের সামরিক অপারেশন্স পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন।
তিনি বলেন, আগের নির্বাচনগুলোতে সর্বোচ্চ ৪০ থেকে ৪২ হাজার সেনাসদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করেছেন, যাদের অধিকাংশই দূরবর্তী এলাকায় অবস্থান করতেন। তবে এবারের নির্বাচনে পরিস্থিতি বিবেচনায় ভোটকেন্দ্র পর্যন্ত টহল দেওয়ার অনুমতি দেওয়ায় সেনা মোতায়েনের সংখ্যা বাড়িয়ে এক লাখে উন্নীত করা হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল মনজুর হোসেন জানান, সাধারণ ভোটার যেন নিরাপদ ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, ভোটারদের আস্থা ফিরিয়ে আনতে সেনাসদস্যরা দিনরাত নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।
সেনাসদরের পক্ষ থেকে আরও জানানো হয়, আইনশৃঙ্খলা বাহিনী ও বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, যাতে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ থাকে।

