শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা স্পষ্ট করলেন উপ-প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট।।

নির্বাচনের পর অন্তর্বর্তী সরকার আরও ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে—এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানিয়েছেন, নির্বাচন শেষ হলেই যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে রাষ্ট্রীয় দায়িত্ব হস্তান্তর করা হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ছড়িয়ে পড়া প্রচারণাগুলোকে তিনি বিভ্রান্তিকর ও অসৎ উদ্দেশ্যপ্রসূত বলে উল্লেখ করেন।

স্ট্যাটাসে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, যারা নির্বাচনের পরও অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকার দাবি ছড়াচ্ছেন, তারা ইচ্ছাকৃতভাবে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে চাইছেন। এর আগেও একই গোষ্ঠী নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও সন্দেহ ছড়ানোর চেষ্টা করেছিল বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, এখন যখন পরিষ্কার হয়ে যাচ্ছে যে নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হচ্ছে, তখন একটি মহল নতুন করে ষড়যন্ত্রতত্ত্ব ছড়িয়ে দিচ্ছে। এসব অপপ্রচারের লক্ষ্য একটাই—নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা।

উপ-প্রেস সচিব বলেন, দুঃখজনকভাবে এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় অনেক শিক্ষিত মানুষও প্রভাবিত হচ্ছেন। তবে বাস্তবতা হলো, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ও সময়সীমা নিয়ে কোনো ধরনের দ্ব্যর্থতা নেই।

তিনি স্পষ্ট করে জানান, অন্তর্বর্তী সরকারের একমাত্র লক্ষ্য একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। নির্বাচন সম্পন্ন হওয়ার পর সরকারের দায়িত্ব দ্রুত নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হবে এবং এর বাইরে এই সরকারের কোনো রাজনৈতিক বা ক্ষমতাকেন্দ্রিক উদ্দেশ্য নেই।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন