বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা

ডেস্ক রিপোর্ট।।

চট্টগ্রাম বন্দরে ২৪ ঘণ্টার কর্মবিরতি শেষ হওয়ার আগেই অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয়। পূর্বঘোষিত কর্মবিরতি বুধবার সকাল ৮টায় শেষ হওয়ার পরপরই অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হবে।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের এ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এক জরুরি সভায় স্কপ নেতারা কর্মবিরতিকে সমর্থন জানান এবং কর্মসূচি সফল করতে চট্টগ্রামের শ্রমিক-কর্মচারী ও সচেতন জনগণের প্রতি আহ্বান জানান।

এদিকে পৃথক এক বৈঠকে স্কপ নেতারা নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানের পদত্যাগ দাবি করেন।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা প্রক্রিয়া শুরু করার প্রতিবাদে গত কয়েকদিন ধরে চট্টগ্রামে ধারাবাহিক আন্দোলন চলছে। শ্রমিক নেতারা অভিযোগ করেন, বন্দর কর্তৃপক্ষ গণবদলির মাধ্যমে শ্রমিক-কর্মচারীদের ন্যায্য আন্দোলন দমন করার চেষ্টা করছে।

মঙ্গলবার সকালে ইসহাক ডিপো টোল প্লাজা এলাকায় স্কপের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সিপিবির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়করা।

বক্তারা অবিলম্বে শ্রমিক নেতাদের বদলি আদেশ প্রত্যাহার, ডিঅ্যাক্টিভেট করা আইডি পুনরায় চালু এবং এনসিটি ইজারা প্রক্রিয়া বাতিলের দাবি জানান। পাশাপাশি বন্দরের কথিত দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবীর বলেন, দীর্ঘ সাত মাস ধরে এনসিটি ইজারার বিরোধিতা করে আন্দোলন চালানো হলেও সরকার ও বন্দর কর্তৃপক্ষ তা উপেক্ষা করায় শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।

অন্য সমন্বয়ক ইব্রাহীম খোকন বলেন, দমন-পীড়নের অংশ হিসেবে বদলিকৃত শ্রমিকদের আইডি বন্ধ করে দেওয়া হয়েছে, যা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় আন্দোলন আরও কঠোর হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন