বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

এভাবে কোনো আইডি হ্যাক হতে পারে না, তারা মিথ্যা বলছেন: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট।।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে প্রকাশিত একটি পোস্টে নারীদের বিষয়ে করা মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, একজন রাজনৈতিক দলের শীর্ষ নেতা কর্মসংস্থানে যুক্ত নারীদের নিয়ে প্রকাশ্যে এমন শব্দ ব্যবহার করেছেন, যা নারীদের জন্য চরম অপমান ও কলঙ্কস্বরূপ।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে খুলনার প্রভাতী স্কুলমাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ওই মন্তব্যের পর যখন দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়, তখন সংশ্লিষ্ট পক্ষ দাবি করছে—তাদের আইডি হ্যাক হয়েছিল। কিন্তু তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা স্পষ্ট করে বলেছেন, এভাবে কোনো ভেরিফায়েড আইডি হ্যাক হওয়া সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, জনগণের কাছে মিথ্যা তথ্য উপস্থাপন করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।

তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী। এই বিশাল নারী সমাজকে অবজ্ঞা করে বা পেছনে রেখে কোনো উন্নয়ন পরিকল্পনাই সফল হতে পারে না।

নারীদের অর্থনৈতিক অবদানের কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, লক্ষাধিক নারী পোশাক শিল্পে কাজ করে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন। পাশাপাশি নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের অনেক নারী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসারের দায়িত্ব ভাগ করে নিতে কর্মজীবনে যুক্ত হচ্ছেন। অথচ সেই নারীরাই আজ অপমানের শিকার হচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

ইসলামের উদাহরণ টেনে তারেক রহমান বলেন, যারা ইসলাম কায়েমের কথা বলেন, তাদের মনে রাখা উচিত—নবী করিম (সা.)-এর সহধর্মিণী হযরত বিবি খাদিজা (রা.) ছিলেন একজন সফল ব্যবসায়ী। সুতরাং নারীদের কর্মজীবন নিয়ে কটূক্তি করার কোনো নৈতিক অধিকার কারও নেই।

নারী কল্যাণে বিএনপির পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে নারীদের ধীরে ধীরে স্বাবলম্বী করে তোলা হবে, যাতে তারা আর্থিকভাবে নিরাপদ থাকতে পারেন।

খুলনা অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, এক সময়ের শিল্পনগরী খুলনা আজ কার্যত স্থবির হয়ে পড়েছে। বিএনপি ক্ষমতায় এলে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলকে আবারও শিল্পসমৃদ্ধ এলাকায় রূপান্তর করা হবে, যেখানে নারী-পুরুষ উভয়ের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে।

তিনি আরও জানান, তরুণদের জন্য আইটি পার্ক ও আধুনিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। কৃষকদের জন্য চালু করা হবে কৃষি কার্ড, যার মাধ্যমে সহজ শর্তে ঋণ, সার, বীজ ও কীটনাশক পাওয়া যাবে। পাশাপাশি ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের ঘোষণাও দেন তিনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন