শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

যাকাত না দেওয়া ইমানের ঘাটতির প্রমাণ: ধর্ম উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট।।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যাকাত প্রদান না করা ইমানের ঘাটতিরই প্রকাশ। কোরআন ও হাদিসের সুস্পষ্ট নির্দেশনা অনুযায়ী যারা যাকাত আদায় করেন না, তারা প্রকৃত অর্থে বিশ্বাসী নন; বরং মোনাফেকের পর্যায়ে পড়ে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত চতুর্দশ যাকাত ফেয়ার–২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, যারা নিয়মিত ও সঠিক হিসাব অনুযায়ী যাকাত প্রদান করেন, তারাই পূর্ণাঙ্গ ইমানদার। অথচ দেশে বহু বিত্তবান ব্যক্তি আছেন, যারা নির্দিষ্ট অঙ্ক বরাদ্দ দিয়ে যাকাতের দায় সেরেছেন মনে করেন, যা শরিয়তসম্মত নয়।

তিনি জানান, সরকারের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে একটি জাকাত বোর্ড থাকলেও সেটিকে এখনও পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়নি। বর্তমানে এই বোর্ডের মাধ্যমে বছরে প্রায় ১১ কোটি টাকা যাকাত সংগ্রহ করা হয়। তবে এ কার্যক্রমে স্বচ্ছতা বজায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে সংগৃহীত যাকাতের ৮০ শতাংশ স্থানীয়ভাবে এবং অবশিষ্ট ২০ শতাংশ কেন্দ্রীয়ভাবে বিতরণ করা হয়।

ড. খালিদ হোসেন বলেন, যাকাত আদায় না করলে যে কঠোর শাস্তির কথা ইসলামে বলা হয়েছে, সে বিষয়ে অনেক মানুষ সচেতন নন। এ অবহেলার জন্য প্রত্যেককে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে বলেও তিনি সতর্ক করেন।

সমাজের বাস্তবতা তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, যৌনকর্মকে পেশা হিসেবে গ্রহণ করা অত্যন্ত দুঃখজনক। দারিদ্র্য ও সামাজিক অবহেলার কারণেই অনেক নারী এ পথে যেতে বাধ্য হন। যাকাতের অর্থ সঠিকভাবে ব্যবহার করে তাদের অন্নসংস্থান ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা গেলে তারা এই জীবন থেকে ফিরে আসতে পারেন।

তিনি আরও বলেন, জাকাত ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয়ভাবে কার্যকর জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করা গেলে দারিদ্র্যবিমোচনে এটি বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন