বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

বরগুনায় জামায়াতের জনসভায় বক্তব্য ঘিরে বিতর্ক, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ডেস্ক রিপোর্ট।।

বরগুনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। জনসভায় খেলাফত মজলিসের বেতাগী উপজেলা সভাপতি ক্বারি মাওলানা মো. বশির উল্লাহ জিহাদি ভোটকেন্দ্র পাহারা দেওয়ার বিষয়ে বক্তব্য দেন, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের জন্ম দিয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে বেতাগী উপজেলার মোকামিয়া বাজার সংলগ্ন এলাকায় বরগুনা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন বশির উল্লাহ জিহাদি। বক্তব্যে তিনি ভোটকেন্দ্রে জাল ভোট ঠেকাতে লাঠি নিয়ে অবস্থান নেওয়ার কথা বলেন এবং প্রয়োজন হলে রক্তের বিনিময়ে হলেও ‘সহিহ ভোট’ নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জাল ভোটের সুযোগ দেওয়া হবে না এবং এবারের নির্বাচন হবে ব্যতিক্রমী। একই সঙ্গে উপস্থিত জনতার উদ্দেশে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে মন্তব্য করেন।

এদিকে, বক্তব্যটি নিয়ে সমালোচনা শুরু হলে পরে নিজের অবস্থান ব্যাখ্যা করেন মো. বশির উল্লাহ জিহাদি। তিনি বলেন, এ ধরনের বক্তব্য নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করতে পারে—এ বিষয়টি তার জানা ছিল না। বক্তব্যে ওই অংশ যুক্ত করা তার ভুল ছিল বলেও স্বীকার করেন তিনি।

তিনি আরও জানান, তার উদ্দেশ্য ছিল ভোটকেন্দ্রে যেন কেউ জাল ভোট দিতে বা কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপে জড়াতে না পারে, সে বিষয়ে ভোটারদের সতর্ক করা। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য আর দেবেন না বলেও আশ্বাস দেন তিনি।

ঘটনাটি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনা চলছে। বিষয়টি নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরে রাখছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন